কলকাতার তিলজলা রোডের ঘটনার পর এবার হাওড়ায় প্রকাশ্যে শ্যুটআউটের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা এলাকায় ভোরবেলা গুলিতে খুন হলেন এক প্রোমোটার। নিহতের নাম সফিক খান (২৭)। তাঁর বাড়ি ওই এলাকাতেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর প্রায় ৪টা ১০ মিনিট নাগাদ দুই আততায়ী হেঁটে এসে সফিক খানের ওপর অতর্কিতে হামলা চালায়। অভিযোগ, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মোট চার রাউন্ড গুলি চালানো হয়। গুলি তাঁর মাথা ও বুকে লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতী হারুন খান এবং রাফাকাত হোসেন ওরফে রোহিতের সঙ্গে পুরনো শত্রুতার জেরেই এই শ্যুটআউটের ঘটনা ঘটতে পারে। তোলাবাজির টাকা না পাওয়া নিয়েও বিরোধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে র্যাফ মোতায়েন করা হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে আসেন পুলিশের ডিসি নর্থ অম্লান কুসুম ঘোষ। তিনি জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে হাওড়া সিটি পুলিশ।
এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর সকলের
