হাওড়া: শুক্রবার সন্ধ্যায় হাওড়ার বেলিলিয়াস রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাশাপাশি থাকা তিনটি টালির চালা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে Howrah District Hospital-এ ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, দিন দু’য়েক আগেই ওই বাড়িগুলির একটিতে বিয়ের অনুষ্ঠান হয়েছিল। শুক্রবার ছিল সত্যনারায়ণ পুজোর আয়োজন। অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলিতেও।
খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান, ঘরের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
