হরমুজ প্রণালী খোলা রাখতে তৎপর ট্রাম্প প্রশাসন, তেলবাজারে নজর মার্কিন সরকারের

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা ও তেল পরিবহন স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি Karoline Leavitt জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলিকে পলিটিক্যাল রিস্ক ইন্স্যুরেন্স দেওয়ার প্রস্তাব দিয়েছে।তিনি বলেন, মার্কিন ট্রেজারি বিভাগ সাময়িকভাবে কিছু তেল সংক্রান্ত নিষেধাজ্ঞাও শিথিল করেছে, যাতে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত না হয়। পাশাপাশি প্রয়োজনে তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনীকে এসকর্ট করার প্রস্তাবও দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের মতে, প্রেসিডেন্ট ও তাঁর জ্বালানি বিশেষজ্ঞদের দল আন্তর্জাতিক তেলবাজারের পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং শিল্পক্ষেত্রের শীর্ষ নেতাদের সঙ্গেও নিয়মিত আলোচনা করছে। একই সঙ্গে প্রেসিডেন্টের নির্দেশে মার্কিন সেনাবাহিনী হরমুজ প্রণালী খোলা রাখতে অতিরিক্ত সামরিক বিকল্প পরিকল্পনাও তৈরি করছে।

বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল এই হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে। ফলে এখানে যেকোনও সংঘাত বা অবরোধ আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের প্রধান লক্ষ্য, বিশ্ববাজারে তেলের সরবরাহ অব্যাহত রাখা এবং গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ খোলা রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *