হোলি উৎসবে রেকর্ড বিক্রি, পূর্ব মেদিনীপুরে ৩০ কোটির মদ বিক্রি মাত্র ৪ দিনে

হোলির মরশুম ঘিরে পূর্ব মেদিনীপুর জেলায় মদের বিক্রি চোখে পড়ার মতো বেড়েছে। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত মাত্র চার দিনেই জেলায় প্রায় ৩০ কোটি ১১ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।

উৎসবের আবহে জেলার বিভিন্ন লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে ক্রেতাদের ভিড় ছিল নজরকাড়া। পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ একাধিক জনপ্রিয় সমুদ্রতট পর্যটন কেন্দ্র রয়েছে। ফলে ছুটির মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন্ রাজ্য থেকেও বহু পর্যটক এখানে ভিড় করেন।

সমুদ্রতটে বেড়াতে আসা অনেক পর্যটকই উৎসবের আনন্দে সুরাপান করতে পছন্দ করেন। সেই কারণেই হোলির মতো বড় উৎসবের সময় জেলায় মদের চাহিদা উল্লেখযোগ্য ভাবে বেড়ে যায় বলে মনে করছে আবগারি দফতর।

জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, এই চার দিনে দেশি মদ বিক্রি হয়েছে প্রায় ২ লক্ষ ৭৭ হাজার লিটার। পাশাপাশি বিদেশি মদ বিক্রি হয়েছে প্রায় ১ লক্ষ ৮৬ হাজার লিটার। এ ছাড়াও বিয়ার বিক্রি হয়েছে প্রায় ১ লক্ষ ৮৫ হাজার লিটার। সব মিলিয়ে উৎসবের মরশুমে জেলায় বিপুল মদের চাহিদা লক্ষ্য করা গিয়েছে।

অন্যদিকে, বেআইনি ভাবে মদ বিক্রির বিরুদ্ধে ফেব্রুয়ারি মাস জুড়ে অভিযান চালিয়েছে আবগারি দফতর ও জেলা প্রশাসন। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি, বিদেশি ও চোলাই মদ বেআইনি ভাবে বিক্রির অভিযোগে মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে তিন জন মহিলা রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় প্রায় সাড়ে ছ’হাজার লিটার মদ ও ৯টি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশাসনের দাবি, অবৈধ মদের কারবার রুখতে আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জেলা আবগারি দফতরের সুপার মণীশ শর্মা জানান, “চলতি মাসের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত জেলায় প্রায় ৩০ কোটি ১১ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। পাশাপাশি বেআইনি মদের কারবারের বিরুদ্ধে অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *