বৌদির কাটা মুন্ডু হাতে নিয়ে প্রকাশ্যে রাস্তায় যুবক

সাত সকালে বৌদির মাথা কেটে খুন করে কাটা মুন্ডু হাতে নিয়ে প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াল এক যুবক। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ৬ নম্বর ভরতগড়ের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতের নাম বিমল মণ্ডল। এদিন সকালে স্থানীয়রা রাস্তা দিয়ে হাঁটতে দেখেন ওই যুবককে। সেই সময়ে তার বাঁ হাতে ছিল কাটা মুন্ডু এবং অন্য হাতে ছিল রক্তমাখা ধারালো অস্ত্র। গোটা শরীর এবং জামাকাপড়ে ছিল রক্তের দাগ।

যাওয়ার পথেই একটি মন্দির দেখে প্রণাম করে আবার হাঁটতে থাকে। পরে স্থানীয়রা খবর দেন পুলিশে। খবর পেয়ে সেখানে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। সেখান থেকে যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। কাটা মুন্ডুও উদ্ধার করে পুলিশ। খুনের আসল কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে মনে করে হচ্ছে পারিবারিক অশান্তির জেরেই এই খুনের ঘটনা হতে পারে। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে খুন করার পর মহিলার মুন্ডু ধর থেকে আলাদা করে সেই মুন্ডু হাতে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় যুবক। মহিলার দেহ একটি জমিতে পড়ে থাকতে দেখা যায়।

কী কারণে এই খুন খতিয়ে দেখছে পুলিশ। পারিবারিক অশান্তির জেরে খুন নাকি অন্য কারণ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যুবকের মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশ রক্তমাখা অস্ত্র উদ্ধার করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *