মঙ্গলবার সকালে ফের বিক্ষোভের মুখে পড়লেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বেলুড় মঠে পুজো দেওয়ার পর দক্ষিণেশ্বর মন্দিরে গেলে তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি সামাল দেয় কর্তব্যরত পুলিশ।
মঙ্গলবার সকাল প্রায় সোয়া ৭টা নাগাদ বেলুড় মঠে পৌঁছান মুখ্য নির্বাচন কমিশনার। সেখানে তিনি মঠ পরিদর্শন করেন এবং বিভিন্ন মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। এ সময় তিনি মঠের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজের সঙ্গে কথাও বলেন। প্রায় ৪৫ মিনিট বেলুড় মঠে সময় কাটানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জ্ঞানেশ কুমার বলেন, “ঠাকুর রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের পূণ্যভূমি পশ্চিমবঙ্গ। এখানে হিংসামুক্ত বিধানসভা নির্বাচন করাতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।”
বেলুড় মঠ থেকে বেরিয়ে সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরে যান তিনি। সেখানেই মন্দিরে ঢোকা ও বেরোনোর সময় কিছু বিক্ষোভকারী কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে অযথা বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। সেই কারণেই তারা প্রতিবাদ জানাচ্ছেন।
উল্লেখ্য, রবিবার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গে আসে। সেই সময় থেকেই একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাঁকে। রবিবার বিমানবন্দরে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে এবং কালো পতাকা দেখানো হয়। সোমবার সকালে কালীঘাট মন্দিরে গেলেও বিক্ষোভের মুখে পড়তে হয় মুখ্য নির্বাচন কমিশনারকে। মঙ্গলবার দক্ষিণেশ্বরেও একই ছবি দেখা গেল।
