সাংবাদিক খুনের মামলায় বড় আইনি স্বস্তি পেলেন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং। ২০০২ সালে সাংবাদিক রামচন্দর ছত্রপতি হত্যা মামলায় সাত বছর আগে তাঁকে দোষী সাব্যস্ত করেছিল সিবিআই আদালত এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে এবার ওই মামলায় উচ্চ আদালত তাঁকে অব্যাহতি দিয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী জিতেন্দর খুরানা। যদিও এই রায় সত্ত্বেও আপাতত জেলেই থাকতে হবে রাম রহিমকে। কারণ, দু’টি ধর্ষণ মামলায় ২০ বছরের সাজা ভোগ করছেন তিনি।
কী এই সাংবাদিক খুনের মামলা
২০১৯ সালে সিবিআই আদালত সাংবাদিক রামচন্দর ছত্রপতি হত্যা মামলায় গুরমিত রাম রহিম, নির্মল সিং এবং কৃষ্ণান লালকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।
ছত্রপতি ‘পুরা সাচ’ নামে একটি সংবাদপত্র চালাতেন। ২০০২ সালের অক্টোবরে তাঁকে গুলি করে হত্যা করা হয়।
এই ঘটনার কিছুদিন আগে তাঁর পত্রিকায় একটি বেনামী চিঠি প্রকাশিত হয়েছিল, যেখানে ডেরা সচ্চা সৌদার সদর দপ্তরে নারী অনুসারীদের যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছিল।
তবুও জেলেই থাকতে হবে
সাংবাদিক খুনের মামলায় অব্যাহতি পেলেও ২০১৭ সালে দুই নারী অনুসারীকে ধর্ষণের মামলায় ২০ বছরের সাজা হয় গুরমিত রাম রহিমের।
বর্তমানে ৫৭ বছরের এই স্বঘোষিত ধর্মগুরু হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বন্দি রয়েছেন।
প্যারোল নিয়ে বিতর্ক
যদিও কাগজে কলমে তিনি জেলে বন্দি থাকলেও, বিভিন্ন সময়ে প্যারোলের কারণে জেলের বাইরে বেশি সময় কাটানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
গত জানুয়ারিতে ৪০ দিনের প্যারোল পান তিনি।
রিপোর্ট অনুযায়ী—
- ২০২৫ সালের জানুয়ারিতে ২০ দিনের প্যারোল
- এপ্রিল মাসে ২১ দিনের প্যারোল
- আগস্টে আবার ৪০ দিনের প্যারোল
এছাড়াও হরিয়ানা ও পাঞ্জাবের নির্বাচনের সময়ও একাধিকবার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে তাঁকে।
হিসেব অনুযায়ী ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মোট ৩২৬ দিন প্যারোলে মুক্তি পেয়েছেন রাম রহিম।
