একের পর এক সংক্রমণ, ৯ রোগীর দৃষ্টিশক্তি গেল—উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন

উত্তরপ্রদেশের গোরখপুরে একটি বেসরকারি হাসপাতালে ছানি অপারেশনের পর সংক্রমণ ছড়িয়ে পড়ায় ৯ জন রোগী দৃষ্টিশক্তি হারিয়েছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন…

উত্তরপ্রদেশের গোরখপুরে একটি বেসরকারি হাসপাতালে ছানি অপারেশনের পর সংক্রমণ ছড়িয়ে পড়ায় ৯ জন রোগী দৃষ্টিশক্তি হারিয়েছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন ইতিমধ্যেই হাসপাতালটি সিল করে দিয়েছে এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি নিউ রাজেশ হাই-টেক হাসপাতালের। ১ ফেব্রুয়ারি সেখানে একটি চক্ষু শিবিরে প্রায় ৩০ জনের ছানি অপারেশন করা হয়। কয়েক দিনের মধ্যেই ১৮ জনের চোখে গুরুতর সংক্রমণ দেখা দেয়। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা এতটাই খারাপ হয় যে, পরে অন্য হাসপাতালে অস্ত্রোপচার করে চোখ বাদ দিতে হয়।

রোগীদের পরিবার অভিযোগ করেন, অপারেশনের পর তীব্র ব্যথা, রক্তপাত ও পুঁজ বেরোনোর মতো সমস্যা শুরু হয়। অনেককে দিল্লি, লখনউ ও বারাণসীর বিশেষজ্ঞ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কয়েকজনের চোখ অপসারণের পরামর্শ দেন।

ঘটনার পর স্বাস্থ্য দফতরের একটি দল হাসপাতাল পরিদর্শন করে চক্ষু বিভাগ সিল করে দেয়। পরীক্ষার রিপোর্টে সংক্রমণের প্রমাণ মিলেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

জেলাশাসক দীপক মীনা জানান, কড়া ব্যবস্থা নেওয়া হবে। দোষ প্রমাণিত হলে চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিলসহ আইনি পদক্ষেপ করা হবে। গোরখপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজেশ ঝা বলেন, ৪ ফেব্রুয়ারি থেকে জটিলতা ধরা পড়ে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

এছাড়া, তদন্তের জন্য জেলা স্তরে একটি কমিটি গঠন করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলার অন্যান্য হাসপাতালের অপারেশন থিয়েটার ও অস্ত্রোপচার কক্ষ জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।