৫০ দিনে ধস! সোনা-রুপোর দামে বড় পতন, বাজারে আতঙ্ক চরমে

মাত্র ৫০ দিনের ব্যবধানে সোনা ও রুপোর দামে নজিরবিহীন পতন দেখা গেল। বিশেষ করে রুপোর ক্ষেত্রে এই ধস আরও স্পষ্ট।…

7

মাত্র ৫০ দিনের ব্যবধানে সোনা ও রুপোর দামে নজিরবিহীন পতন দেখা গেল। বিশেষ করে রুপোর ক্ষেত্রে এই ধস আরও স্পষ্ট। চলতি বছরের ২৯ জানুয়ারি যেখানে প্রতি কেজি রুপোর দাম ছিল প্রায় ৪.২৫ লক্ষ টাকা, সেখানে বর্তমানে তা নেমে এসেছে প্রায় ২ লক্ষ টাকার কাছাকাছি। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই প্রতি কেজিতে ২ লক্ষ টাকারও বেশি দরপতন হয়েছে।

সোমবার লেনদেন চলাকালীন রুপোর দাম একধাক্কায় ২৬,০০০ টাকা কমে ১,৯৯,৬৪৩ টাকায় পৌঁছয়। অন্যদিকে, সোনার দামও বড় ধাক্কা খেয়েছে। এমসিএক্স (MCX)-এ সোনা ১০ শতাংশ লোয়ার সার্কিটে পৌঁছায়, ফলে প্রতি ১০ গ্রামে প্রায় ১৪,০০০ টাকা কমে যায় দাম।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি—বিশেষ করে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির জেরে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে পণ্য বাজারেও। একইসঙ্গে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত নীতিও সোনা-রুপোর দামের উপর চাপ সৃষ্টি করেছে।

এই দরপতনের জেরে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। যারা উচ্চ দামে রুপো কিনেছিলেন, তাঁরা এখন বড় ক্ষতির মুখে পড়েছেন। বাজার বিশেষজ্ঞদের মতে, স্বল্প সময়ে এই দামে পুনরুদ্ধার হওয়া কঠিন।

শুধু পণ্য বাজারই নয়, শেয়ার বাজারেও এর প্রভাব স্পষ্ট। সোমবার সেনসেক্স প্রায় ১৮০০ পয়েন্ট পড়ে যায় এবং নিফটি নেমে আসে ২২,৫০০-র আশেপাশে। সামগ্রিকভাবে ভারতীয় বাজার তার সর্বোচ্চ স্তর থেকে প্রায় ১৫ শতাংশ সংশোধনের মুখে।

এদিকে কলকাতায় সোনার দামেও পতন লক্ষ্য করা গেছে। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম প্রায় ১৪,০০২ টাকা এবং প্রতি ১০ গ্রামে ১,৪০,০২০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,২৮,৩৫০ টাকার আশেপাশে। অন্যদিকে, শহরে রুপোর দাম প্রতি কেজি প্রায় ২,৩০,০০০ টাকা বলে জানা গিয়েছে।

গত দুই বছরে একটানা ঊর্ধ্বমুখী থাকার পর সোনা ও রুপোর এই আকস্মিক পতন বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষজ্ঞরা পরিস্থিতির উপর নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিনিয়োগকারীদের।