ঘাটাল: খারাপ রাস্তার জেরে কয়েক দিন আগে টোটো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে আহত হয় ছয় পড়ুয়া। ওই একই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরাও। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একাধিক রাস্তা। আর সেই ইস্যুতেই ঘাটালে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ঘাটাল ব্লকের বিজেপি পরিচালিত মনোহরপুর-১ গ্রাম পঞ্চায়েতের অভিযোগ, রত্নেশ্বরবাটী থেকে শ্রীরামপুর (প্রায় ৩.৫ কিমি), রত্নেশ্বরবাটী থেকে শ্যামসুন্দরপুর (প্রায় ২.১ কিমি) এবং গোপমহল থেকে হরিশপুর (প্রায় ৫.৫ কিমি) — এই রাস্তাগুলি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় রয়েছে। ফলে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ— সকলেই সমস্যায় পড়ছেন। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
পঞ্চায়েতের দাবি, ২০২৪ ও ২০২৫ সালে একাধিকবার লিখিত আবেদন জানানো হলেও রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। উপপ্রধান বাপন বর অভিযোগ করেন, পঞ্চায়েত ভোটে জিতেও উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছে না। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই রাস্তা মেরামত আটকে রাখা হয়েছে।
তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ঘাটালের তৃণমূল নেতা দিলীপ মাজি। তাঁর বক্তব্য, তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করে না। বরং কেন্দ্রীয় সরকারই বাংলাকে বঞ্চিত করছে। তিনি দাবি করেন, পঞ্চায়েত ভোটের আগেই রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছিল, কিন্তু তখনই কাজ বন্ধ হয়ে যায়।
এদিকে, বেহাল রাস্তার কথা স্বীকার করে দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর। তিনি জানান, বিষয়টি জেলা পরিষদের নজরে আনা হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে।
রাস্তার দুরবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। রাজনৈতিক তরজা চললেও কবে বাস্তবে সংস্কার কাজ শুরু হবে, সেই দিকেই তাকিয়ে ঘাটালের বাসিন্দারা।
