আদালতে গৌতম গম্ভীর, ভুয়ো ইস্তফার ভিডিও নিয়ে ২.৫ কোটি টাকার মামলা

সদ্য টি২০ বিশ্বকাপ জয়ের পর কিছুদিন বিশ্রামে রয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সামনে আইপিএল, তার আগে খানিকটা সময় নিজের মতো কাটানোর কথা ছিল। কিন্তু সেই অবসরেও শান্তি নেই তাঁর।

ভুয়ো খবর ছড়িয়ে পড়ার জেরে এবার আদালতের দ্বারস্থ হলেন তিনি। সমাজমাধ্যমে তাঁর ইস্তফা (Resignation) দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছেন গম্ভীর।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁর নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা হচ্ছে। বিশেষ করে এআই (AI), ভয়েস ক্লোনিং (Voice Cloning) এবং ফেস সুয়াপিং প্রযুক্তির সাহায্যে তৈরি ডিপফেক ভিডিও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

মামলায় একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং কিছু ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট ভুয়ো কনটেন্ট দ্রুত সরানোর নির্দেশ চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

শুধু তাই নয়, ক্ষতিপূরণ হিসেবে ২.৫ কোটি টাকার দাবিও জানিয়েছেন গম্ভীর।

এই মামলায় মেটা (Meta) ও গুগল (Google)-এর মতো বড় প্রযুক্তি সংস্থার নামও উঠে এসেছে। এর আগে শচীন টেন্ডুলকার ও অমিতাভ বচ্চনের মতো বিশিষ্ট ব্যক্তিরাও ডিপফেক ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। গম্ভীরের এই আইনি পদক্ষেপে বিষয়টি আবারও সামনে এল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *