পাহাণ্ডি বিজয় থেকে গজবেশ দর্শন, বুধে একগুচ্ছ উৎসব দীঘার জগন্নাথ মন্দিরে

জগন্নাথদেবের স্নানযাত্রা ঘিরে সাজ সাজ রব বাংলার সৈকত শহর দীঘায়। বুধবার ১১ জুন জগন্নাথদেবের স্নানযাত্রা। পুরীর মতোই রীতি মেনে তা পালিত হবে দীঘার জগন্নাথ মন্দিরেও। আগামী ২৭ জুন, রথযাত্রার আগে পর্যন্ত রয়েছে একগুচ্ছ অনুষ্ঠান। মঙ্গলবার তারই সময়সূচি প্রকাশ করল দীঘার জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, ১১ তারিখ, বুধবার সকাল ৯টায় নিয়ম মেনে দীঘার জগন্নাথ মন্দিরে পাহাণ্ডি বিজয় উৎসব হবে। এরপর বেলা ১১টায় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার স্নানযাত্রা। সারাদিন ব্যাপী চলবে নানা অনুষ্ঠান। দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের বাঁদিকে একটি মণ্ডপ তৈরি হয়েছে। সেখানে ভক্তদের সামনেই হবে স্নানযাত্রা অনুষ্ঠান।
এরপর দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত গজবেশ দর্শন অর্থাৎ হস্তীবেশে রূপদর্শন করতে পারবেন ভক্তরা। পরেরদিন ১২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দর্শন বন্ধ থাকবে। ২৬ তারিখ থেকে ফের জগন্নাথদর্শন শুরু হবে। ২৭ জুন, রথযাত্রা। ওইদিন মাসির বাড়িতে যাত্রার জন্য রথে আরোহণ করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *