হুইলচেয়ারে বাড়ির মধ্যেই ঘোরানো হচ্ছে ফর্মূলা ওয়ান কিংবদন্তিকে, স্বাস্থ্যে অভাবনীয় উন্নতি
ফর্মূলা ওয়ান ট্র্যাকে একসময় যাঁর গতির ঝড়ে কাঁপত বিশ্ব, সেই মাইকেল শুমাখার অবশেষে ১২ বছর পর উঠে বসতে পারছেন। সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মান কিংবদন্তিকে বর্তমানে হুইলচেয়ারে বসিয়ে বাড়ির মধ্যেই ঘোরানো হচ্ছে বলে জানা গিয়েছে।

২০১৩ সালে ফ্রান্সের আল্পস পর্বতে স্কিইং করার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন শুমাখার। পাথরে ধাক্কা খেয়ে সামনে থাকা বোল্ডারে আছড়ে পড়েন তিনি। অল্পের জন্য প্রাণে বাঁচলেও মাথায় গুরুতর আঘাত পান। তারপর থেকেই কার্যত থমকে গিয়েছিল ৯১টি গ্রাঁ প্রি জয়ী এই কিংবদন্তির জীবন। দীর্ঘ সময় কোমায় থাকার পর জ্ঞান ফিরলেও গত ১২ বছর ধরে শয্যাশায়ী ছিলেন শুমাখার।
বর্তমানে স্পেনের মায়োরকার লাস ব্রিসাসে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার বিলাসবহুল বাংলোতেই থাকেন তিনি। সর্বক্ষণ চিকিৎসকদের নজরদারিতে ছিলেন শুমাখার। স্ত্রী কোরিন্না শুমাখার নিজেই তাঁর চিকিৎসা ও পরিচর্যার সব দিক সামলাতেন।
সম্প্রতি চিকিৎসায় আশাতীত সাড়া মিলেছে। শুমাখারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে। সাংবাদিক জোনাথন ম্যাকইভয় সম্প্রতি শুমাখারের বাড়িতে যাওয়ার সুযোগ পান। তিনি জানান, শুমাখার এখন উঠে বসতে পারছেন এবং হুইলচেয়ারে করে বাড়ির মধ্যেই ঘোরানো হচ্ছে তাঁকে। এমনকি মায়োরকার লাস ব্রিসাসের বাড়ি থেকে সংলগ্ন লেক জেনেভার কাছাকাছি এলাকাতেও নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।
এতদিন শুমাখার কেবল চোখ খোলা-বন্ধ করার মাধ্যমেই প্রতিক্রিয়া জানাতে পারতেন। এখন জানা গিয়েছে, চারপাশে কী হচ্ছে, তা তিনি কিছুটা হলেও বুঝতে পারছেন। যদিও তিনি কথা বলতে পারছেন কি না, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
