উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভার নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি ১ মার্চ থেকে রাজ্য জুড়ে পরিবর্তন সংলল্প যাত্রা শুরু করেছে। ২ মার্চ মথুরাপুরে এই যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকায় এই পরিবর্তন সংকল্প যাত্রার রথ ঘুরবে। বৃহস্পতিবার ও শুক্রবার এই রথ বিজেপির জয়নগর সাংগঠনিক জেলায় ঘুরবে। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন, বৃহস্পতিবার ক্যানিং পশ্চিম বিধানসভার বাহির সোনা মোড়ে সকাল ১০টায় এই রথের যাত্রার সূচনা হবে। পরে এদিন দুপুরে গোসাবা বিধানসভার মসজিদবাটি নীলকন্ঠ মোড়ে জনসভা হবে। ওই একই দিনে পরিবর্তনের শোভাযাত্রা ক্যানিং পশ্চিম বিধানসভা হয়ে কুলতলি বিধানসভায় প্রবেশ করবে এবং পরের দিন শুক্রবার সকালে জালাবেড়িয়া আশ্রমের রামেশ্বরম শিবমন্দিরে পূজা অর্চনার মধ্যে দিয়ে পরিবর্তন যাত্রা সূচনা হবে। শুক্রবার এই পরিবর্তন যাত্রায় উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও রাজ্যে বিজেপির যুবমোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ, প্রবাল রাহা, ফাল্গুনী পাত্র, জয়নগর সাংগঠনিক জেলার জেলা সভাপতি উৎপল নস্কর-সহ আরও অনেকে।
এদিন জালাবেড়িয়ার রামেশ্বরম মন্দির থেকে এই যাত্রা জামতলা হয়ে সিকিরহাট হয়ে প্রিয়নাথের মোড় দিয়ে পদুয়ার মোড় হয়ে ময়দা যুবক সংঘের মাঠে দুপুর ১২টায় এক জনসভা হবে। সেখান থেকে বুড়োরঘাটের উপর দিয়ে জয়নগর থানার মোড়ের উপর দিয়ে বহড়ু হয়ে দক্ষিন বারাশতের মোড় হয়ে মগরাহাটের আতাসুরা মিশন মাঠে জনসভার মধ্যে দিয়ে চাকদহের উপর দিয়ে জুলপিয়ায় গিয়ে এদিনের পরিবর্তন পরিকল্পিত যাত্রা শেষ হবে।
বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
