বি. নাথ : মাংস কিনতে এসে আক্রান্ত প্রাক্তন নৌ সেনা কর্মী। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মোহনপুর থানার কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি মাংসের দোকানে। আক্রান্ত প্রাক্তন নৌ সেনা কর্মী ৬০ বছরের দীপঙ্কর সরকার হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ অভিযুক্ত যুবক শ্যাম পাসোয়ানকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মোহনপুর এয়ারফোর্স পাড়ার বাসিন্দা ওই প্রাক্তন নৌ সেনা কর্মী মাংস কিনতে গিয়েছিলেন। দোকানদার তাঁকে মাংস দেবার জন্য মাংস টুকরো টুকরো করেছিলেন। অভিযোগ, মাংসের দোকানে থাকা একটি চপার তুলে নিয়েই প্রাক্তন নৌ সেনা কর্মীর পেটে ঢুকিয়ে দেয় ওই যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে ব্যারাকপুর সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে পাকড়াও করেছে। ঘটনা নিয়ে মোহনপুর পঞ্চায়েতের প্রধান নির্মল কর জানান, আক্রান্ত প্রাক্তন নৌ সেনা কর্মীর সঙ্গে অভিযুক্ত যুবকের কোনও ঝামেলা হয়নি। উভয়ে কেউ কাউকে চেনেও না। তাঁর দাবি, নেশাখোর যুবক হঠাৎ মাংসের দোকান থেকে চপার তুলে নিয়ে ওই ব্যক্তির পেটে ঢুকিয়ে দেয়।
মাংস কিনতে এসে আক্রান্ত প্রাক্তন নৌ সেনা কর্মী, গ্রেফতার অভিযুক্ত
