”এটা নাটক হচ্ছে” তোপ ফিরহাদের

বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের আন্দোলনকে ‘নাটক’ বলে নিশান করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। বিকাশ ভবনে আন্দোলন করে সুুপ্রিম কোর্টের রায় বদলাবে না সেই কথাও সাফ জানালেন রাজ্যের পুরমন্ত্রীর। তিনি বলেন, “সুপ্রিম কোর্টের রায় শুধু সুপ্রিম কোর্টেই বদলাতে পারে। সুতরাং এটা নাটক হচ্ছে। প্ররোচনায় পা দিয়ে ওরা নাটক করছে।” ফিরহাদের এহেন মন্তব্যে নতুন করে ক্ষোভ শুরু হয়েছে আন্দোলনকারীদের মধ্যে।

কয়েকদিন ধরেই বিকাশ ভবনের সামনে চাকরি ফেরানোর দাবিতে একটানা আন্দোলন করে যাচ্ছেন চাকরিহারারা। উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবিও স্পষ্ট হয়েছে। এবার ফিরহাদের মন্তব্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এক চাকরিহারা শিক্ষক বলছেন, “যিনি এ কথা বলছেন তিনি তো সরকারের পদাধিকারী। আর আমরা তো সরকারের কিছু নেতা-মন্ত্রীর দুর্নীতির জন্য আমরা এখানে আছি তা তিনি ভাল করেই জানেন। তিনি নিশ্চয় চাইবেন যোগ্যরা চাকরি ফেরত পাক। তিনিও নিশ্চয় এ ব্যাপারে উদ্যোগী হবেন।”

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ফিরহাদ হাকিম যদি কোনও চাকরির পরীক্ষা দিতেন তাহলে বুঝতেন এসএসসি-র মতো পরীক্ষা দেওয়া কতটা কঠিন। আর সেই চাকরি যদি পরবর্তীতে সরকারের ভুলে চলে যায় তাহলে ফিরহাদ হাকিমরা সমস্যাটা বুঝতে পারতেন। ওরা বুঝতে পারছেন না, তাই নাটকটা ওরাই করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *