হুগলির শেওড়াফুলি স্টেশন চত্বরে আচমকা আগুন লাগায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার দুপুরে স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরেই একটি অংশে আগুন লাগে বলে জানা গেছে।
সূত্রের খবর, স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে বেশ কিছু আবর্জনা জমা করে রাখা ছিল। সেখান থেকেই আচমকা আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শুকনো আবর্জনায় আগুন লেগেই এই ঘটনা ঘটে।
দেখতে দেখতে আগুনের শিখা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি আতঙ্কজনক হয়ে ওঠে। স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় GRP এবং RPF। তাদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
