চূড়ান্ত হুঁশিয়ারি হুমায়ুন কবীরকে

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শৃঙ্খলারক্ষা কমিটি চূড়ান্ত হুঁশিয়ারি দিল । আগের শোকজ ও সতর্কবার্তা উপেক্ষিত হওয়ায় এবার কড়া ভাষায় লেখা চিঠি হাতে ধরিয়ে দেওয়া হল । দলীয় সূত্রের খবর, চিঠিতে স্পষ্ট লেখা—’লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং।’

তৃণমূলকে গত কয়েকদিন ধরে হুমায়ুনের একাধিক মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে । জনসমক্ষে ও সংবাদমাধ্যমে তাঁর বক্তব্য ঘিরে বিড়ম্বনায় পড়েছে দল। পরিস্থিতি সামাল দিতেই নড়েচড়ে বসে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।

শুক্রবার বিধানসভায় হুমায়ুনকে নিজের ঘরে ডেকে পাঠান কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বৈঠকেই তাঁর হাতে তুলে দেওয়া হয় চূড়ান্ত সতর্কবার্তার চিঠি।

হুমায়ুনকে আগেও শোকজ করে কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছিল। তিনি হাজিরাও দেন। কিন্তু তার পরেও আচরণে পরিবর্তন না আসায় এবার কড়া পদক্ষেপ নিল দল। তৃণমূল সূত্রে ইঙ্গিত, এবারও দলের নির্দেশ অমান্য হলে বিধায়ক পদ নিয়েও সিদ্ধান্ত নিতে পারে নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *