রাজস্থানের জয়পুরে খাদ্য সুরক্ষা দফতরের বড়সড় অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ সন্দেহজনক খাদ্যপণ্য। শহরের খো নাগোরিয়ান এলাকায় M/s Athlete Distributor নামে একটি গুদামে হানা দিয়ে প্রায় ১২ হাজার কার্টন আমুলের নন-ডেয়ারি পণ্য উদ্ধার করেন আধিকারিকরা।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া পণ্যের মধ্যে ছিল নুডলস, কেচাপসহ বিভিন্ন খাবার, যেগুলির মেয়াদ প্রায় শেষ হয়ে গিয়েছিল। অভিযোগ, এই পণ্যগুলোকে ‘নতুন’ দেখানোর জন্য থিনার ও অ্যাসিটোন ব্যবহার করে কারসাজি করা হচ্ছিল।
তদন্তে ব্যবসায়ী গগন আহুজা স্বীকার করেছেন যে তিনি কম দামে এই মেয়াদোত্তীর্ণ পণ্য কিনতেন এবং ইউটিউব দেখে সেগুলিকে নতুনের মতো দেখানোর কৌশল শিখেছিলেন।
খাদ্য সুরক্ষা দফতর জানিয়েছে, চার দিনে ২৭টি ট্রাক ও এক্সকাভেটর ব্যবহার করে প্রায় ১.৫ লক্ষ কেজি খাদ্যপণ্য ধ্বংস করা হয়েছে, যার সমস্ত খরচ বহন করতে হয়েছে ওই সংস্থাকেই।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতেও একই জায়গা থেকে প্রায় ৩০ হাজার কেজি সন্দেহজনক খাদ্যপণ্য উদ্ধার হয়েছিল। এই ঘটনার পর ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী আইনি পদক্ষেপ শুরু হয়েছে এবং প্রস্তুতকারক ও সরবরাহকারী সংস্থাকেও নোটিস পাঠানো হয়েছে।
