বুধবার গভীর রাতে কলকাতার ইএম বাইপাসে ঘটে গেল ভয়ঙ্কর পথদুর্ঘটনা। রুবি মোড় সংলগ্ন এলাকায় দ্রুতগতিতে ছুটে আসা একটি চারচাকা গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি উল্টে যায়, মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়|
ঘটনাটি ঘটে বুধবার রাত প্রায় পৌনে ১২টা নাগাদ। দুর্ঘটনার পর গাড়ির ভিতরে গুরুতর জখম অবস্থায় আটকে পড়েন চালক। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন এবং আহত চালককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় রুবি জেনারেল হাসপাতাল-এ। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা গেছে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত চারচাকা গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে এবং ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতি বা অসতর্কতাই দুর্ঘটনার কারণ হতে পারে বলে অনুমান।মধ্যরাতে ইএম বাইপাসে এই দুর্ঘটনাকে ঘিরে কিছুক্ষণের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে। পুলিশি তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
