বিরল ঘটনা! রেললাইনেই সন্তান প্রসব হাতির

ট্র্যাকে হাতি চলে আসা এবং দীর্ঘক্ষণ ট্রেনের অপেক্ষা নতুন ঘটনা নয়। তবে এবার বিষয়টা একটু অন্যরকম। জঙ্গলের মধ্যে দিয়ে যে রেল ট্র্য়াকগুলি গিয়েছে, সেখানে এই ঘটনা স্বাভাবিক। কয়েক আগে রেল লাইনে ঘটে গেল বিরল এক ঘটনা। প্রায় দুই সপ্তাহ আগে রাত ৩টে নাগাদ ঝাড়খণ্ডের বারকাকানা ও হাজারিবাগ স্টেশনের মাঝে রেললাইনে হঠাৎ চলে আসে একটি হাতি। সেই সময় ওই ট্র্যাক দিয়ে যাচ্ছিল একটি মালগাড়ি। হাতিটিকে দেখতে পেয়েই বনকর্মীরা রেল আধিকারিকদের খবর দেন। ট্রেন থামাতে বলা হয়। সেই মতো মালগাড়িটি থেমে যায়। দেখা যায়, হাতিটি গর্ভবতী এবং সন্তান প্রসব করতে চলেছে। প্রসব যন্ত্রণায় রেললাইনের উপর শুয়ে পড়ে হাতিটি। লোকো পাইলট হাতিটিকে দেখতে পেয়েই দুই ঘণ্টা দাঁড়িয়ে পড়ে।

রামগড়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার এই ঘটনা প্রসঙ্গে বলেন, একজন ফরেস্ট গার্ড খবর দেন যে গর্ভবতী হাতি প্রসব যন্ত্রণায় রেল ট্র্যাকে শুয়ে আছে। হাতিটি কাটা পড়তে পারে, এই ভয়ে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখতে বলা হয়। সঙ্গে সঙ্গে রেলওয়ে কন্ট্রোল রুমে খবর দেওয়া হয় এবং সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখতে বলা হয়। দেখা যায় কিছুক্ষণ পরে হাতিটি প্রসব করে। হস্তিশাবককে নিয়ে মা হাতি জঙ্গলে ঢুকে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিন ঘটনার সময় প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *