২৮ ফেব্রুয়ারি প্রকাশ ইলেক্টোরাল রোল, তিন ভাগে নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন
আগামী শনিবার, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে নতুন ইলেক্টোরাল রোল। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার ভোটার তালিকা নির্দিষ্ট ফরম্যাটে প্রকাশ করা হবে এবং ভোটারদের নাম তিনটি পৃথক বিভাগে ভাগ করে দেখানো হবে— ‘Approved’, ‘Adjudication’ ও ‘Delete’।
কমিশন সূত্রের খবর, আগে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ। সংশোধন ও যাচাই প্রক্রিয়ার পর ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। ফলে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ৮ লক্ষ। ২৮ ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশ করা হবে, তাতে এই ৭ কোটি ৮ লক্ষ নামই অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গিয়েছে।
কোন বিভাগে কী থাকবে?
🔹 Approved: যাঁদের ভোটার হিসেবে নাম চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে, তাঁদের নামের পাশে ‘Approved’ উল্লেখ থাকবে।
🔹 Adjudication: প্রায় ৬০ লক্ষ নাম এখনও অমীমাংসিত রয়েছে। এই নামগুলির নথি বিচার বিভাগীয় আধিকারিকরা খতিয়ে দেখছেন। সংশ্লিষ্ট ভোটারদের নামের পাশে ‘Adjudication’ লেখা থাকতে পারে।
🔹 Delete: যাচাই প্রক্রিয়ায় যাঁদের নাম বাতিল করা হয়েছে, তাঁদের নামের পাশে ‘Delete’ উল্লেখ থাকবে।
এর পাশাপাশি, নতুন ভোটারদের জন্য আলাদা একটি Supplementary List বা পরিপূরক তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা মূল ইলেক্টোরাল রোলের সঙ্গেই যুক্ত থাকবে।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ তালিকায় নাম থাকলেও ‘Adjudication’ বিভাগে থাকলে ভবিষ্যতে তা বাতিল হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে। ফলে ২৮ ফেব্রুয়ারির প্রকাশিত তালিকার দিকে নজর থাকবে রাজনৈতিক দল থেকে সাধারণ ভোটার— সকলেরই।
ভোটারদের পরামর্শ, তালিকা প্রকাশের পর নিজের নামের স্ট্যাটাস অবশ্যই যাচাই করে নেওয়া উচিত।
