ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের, সরানো হল মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের প্রশাসনিক শীর্ষস্তরে বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। পাশাপাশি দায়িত্ব থেকে সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও।

নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনও কাজ করতে পারবেন না এই দুই শীর্ষ আমলা।নন্দিনী চক্রবর্তীর পরিবর্তে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে দুষ্মন্ত নারিওয়ালাকে। একই সঙ্গে নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। কমিশন নির্দেশ দিয়েছে, সোমবার দুপুর ৩টার মধ্যে তাঁদের নতুন দায়িত্ব গ্রহণ করতে হবে।

রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। এই সময়ে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনের হাতে বিশেষ ক্ষমতা থাকে। সেই ক্ষমতার ভিত্তিতেই প্রয়োজন অনুযায়ী আমলা, আধিকারিক এবং পুলিশকর্তাদের বদলির নির্দেশ দিতে পারে কমিশন।

অতীতেও নির্বাচনের আগে বিভিন্ন পুলিশ ও প্রশাসনিক কর্তাদের বদল করেছে কমিশন। পুলিশ সুপার থেকে শুরু করে কলকাতার পুলিশ কমিশনার পর্যন্ত বদলের নজির রয়েছে। এমনকি স্বরাষ্ট্রসচিব বদলের ঘটনাও আগেও ঘটেছে। তবে মুখ্যসচিব পর্যায়ে এভাবে সরাসরি পরিবর্তনের ঘটনা সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যায়নি বলেই প্রশাসনিক মহলের মত।

এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের তৎকালীন স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই সময় কমিশনের অভিযোগ ছিল, তিনি নির্বাচনী প্রক্রিয়ায় এমন কিছু পদক্ষেপ করেছিলেন যা কমিশনের নির্দেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। একই সময়ে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক পদে থাকা রাজীব কুমারকেও দায়িত্ব থেকে সরানো হয়েছিল।

নতুন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা ১৯৯৩ ব্যাচের আইএএস আধিকারিক। এর আগে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের দায়িত্বও সামলেছেন তিনি। অতীতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেচ দফতরও দেখেছেন। এবার তাঁকেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব দিল নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *