একুশের বিধানসভা নির্বাচনের রক্তাক্ত স্মৃতি যেন আর না ফেরে—২০২৬ সালের ভোটের আগে সেটাই এখন প্রধান লক্ষ্য জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India)। কলকাতা সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার এই বার্তাই স্পষ্ট করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)।
তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনে কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে হিংসা ও ভয়মুক্ত ভোট নিশ্চিত করা। প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে কার্যত কড়া সতর্কবার্তা দেন তিনি। স্পষ্ট করে বলা হয়েছে, ভোটের সময় বা ভোট-পরবর্তী হিংসা রোখার ক্ষেত্রে কোনও গাফিলতি ধরা পড়লে শুধু বদলি নয়, সংশ্লিষ্ট জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) বা কমিশনারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত (DP) শুরু করা হবে।
সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বাম ও বিজেপি অল্প দফায় ভোট করানোর দাবি জানিয়েছিল। সেই প্রসঙ্গে জ্ঞানেশ কুমার বলেন, বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লিতে ফিরে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে—কত দফায় ভোট হবে।
এবারের নির্বাচনে স্বচ্ছতা বাড়াতে একাধিক নতুন ব্যবস্থার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি বুথে থাকবে ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে ডিজিটাল নজরদারি। ভোটারদের বুথে ঢোকার আগে বাইরে রাখতে হবে মোবাইল ফোন। বিভ্রান্তি এড়াতে ইভিএমে এবার থাকবে প্রার্থীদের রঙিন ছবি। পাশাপাশি কোনও প্রার্থীর সন্দেহ থাকলে ভোটের সাত দিনের মধ্যে ইভিএম পরীক্ষা করার সুযোগও দেওয়া হবে।
বাংলার মানুষের কাছে আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। আশা করছি, এবার ভোটের আগে বা পরে কোনও হিংসার ঘটনা ঘটবে না।”
