দুর্গাপুরে সরকারি দফতরে ঢুকে স্কুল ইন্সপেক্টরকে চমকানোর অভিযোগ উঠল বিজেপির এক মন্ডল সভাপতির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিজেপি নেতা তথা যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গে যুক্ত বুদ্ধদেব মন্ডলের নেতৃত্বে একদল ব্যক্তি দুর্গাপুরের পলাশডিহা স্কুল ইন্সপেক্টরের অফিসে ঢুকে পড়েন এবং সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
সূত্রের খবর, ধর্মঘটের দিন স্কুল ইন্সপেক্টর সৌরভ মন্ডল কেন অফিসে এসেছিলেন, সেই বিষয়কে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, ওই দিন সকাল সাড়ে নটার সময় তিনি প্রতিদিনের মতোই অফিসে পৌঁছন। এরপরই বুদ্ধদেব মন্ডল ও তাঁর অনুগামীরা অফিসে ঢুকে পড়েন এবং তাঁকে প্রশ্ন করতে শুরু করেন।
ধর্মঘট চলাকালীন সময়ে কেন তিনি অফিসে এসেছেন, তা নিয়ে স্কুল ইন্সপেক্টরকে ঘিরে ধমকানো ও চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগ। তবে স্কুল ইন্সপেক্টর সৌরভ মন্ডল জানিয়েছেন, তিনি প্রতিদিনের মতো নির্দিষ্ট সময়েই অফিসে এসেছিলেন এবং এতে কোনও অস্বাভাবিকতা নেই। তাঁর অভিযোগ, জোর করে সরকারি অফিস বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।
জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “বিজেপি উত্তর প্রদেশের মডেল বাংলায় চালু করতে চাইছে। সেই কারণেই সরকারি আধিকারিকদেরও সম্মান দিচ্ছে না। সরকারি অফিসে ঢুকে একজন গুরুত্বপূর্ণ আধিকারিককে ধমকানো অত্যন্ত নিন্দনীয়। যিনি নিজের কর্তব্য পালন করছেন, তাঁকেও কাজ করতে দেওয়া হচ্ছে না। শুনছি বিজেপির এক সক্রিয় নেতা এই ঘটনায় জড়িত। আমরা এর বিরুদ্ধে সোচ্চার হব।”
এই ঘটনায় প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে এখন জোর জল্পনা শুরু হয়েছে।
