জীবনে পুত্র সুখ পেলাম না, পুত্র শোক বইতে হচ্ছে: মর্মাহত দিলীপ ঘোষ

বিয়ের ২৫ দিনের মাথায় স্ত্রীর প্রথমপক্ষের ছেলের মৃত্যুতে মর্মাহত বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার বিকেলে স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয়ের মৃত্যুর পর আরজি কর হাসপাতালে দাঁড়িয়ে সেকথাই জানান তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘পুত্র সুখ পেলাম না, কিন্তু পুত্র শোক বইতে হচ্ছে।’

দিলীপ ঘোষ এদিন বলেন, আমরা তো এখনও কল্পনাই করতে পারছি না। সকালে ওর মা রান্না করছিল। হঠাৎ একটা ফোন এল আর বেরিয়ে গেল। তার পর জানতে পারি ঘটনার কথা। সৃঞ্জয়ের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। আমার আর ওর মধ্যে একটা আবেগের সম্পর্কও গড়ে উঠেছিল। আমি ওকে খেলা দেখাতে নিয়ে গিয়েছিলাম। কিন্তু ২৭ বছর বসয়ে যে ও এভাবে চলে যাবে ভাবতে পারিনি। জীবনে পুত্র সুখ পেলাম না, কিন্তু পুত্রশোক বইতে হচ্ছে। কখনও ভাবিনি এই দিন দেখতে হবে।”

প্রসঙ্গত, আজ, মঙ্গলবার সকালে নিউ টাউনের ফ্ল্যাট থেকে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের দেহ উদ্ধার হয়। খাটে শোয়ানো অবস্থায় ছিল সৃঞ্জয়ের দেহ। সঙ্গে ছিলেন এক বান্ধবী। তিনি সৃঞ্জয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলেন। ফোন পেয়ে সেখানে পৌঁছন রিঙ্কুদেবী। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, অ্যাকিউট হ্যামারেজিক প্যানক্রিয়াটাইটিসে মৃত্যু হয়েছে সৃঞ্জয়ের। আইটি সেক্টরে কর্মরত তরতাজা যুবকের মৃত্যুতে শোকগ্রস্ত গোটা পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *