‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পর থেকেই ছবিটি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এটি কি শুধুই একটি অ্যাকশন ছবি, নাকি এর মধ্যে রাজনৈতিক প্রোপাগাণ্ডার ছাপ রয়েছে। সেই বিতর্ক থামার আগেই প্রকাশ্যে এল ছবির সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’–এর ট্রেলার। ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।
ট্রেলারের শুরুতেই শোনা যায় একটি বিতর্কিত সংলাপ— “হিন্দু বহুতই ডরপোক কৌম হ্যায়”। এই সংলাপ ইতিমধ্যেই নেটমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ট্রেলারের অন্য একটি সংলাপও বিশেষভাবে নজর কেড়েছে— “পাকিস্তান কা মুস্তাকবিল আব হিন্দুস্তান তয় করেগা”, যার অর্থ পাকিস্তানের ভবিষ্যৎ এখন ভারতই ঠিক করবে।
পরিচালক আদিত্য ধর–এর এই অ্যাকশন থ্রিলার ছবিতে আবারও দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। তিনি অভিনয় করছেন জস্কিরাত সিং রঙ্গি এবং হামজা আলি মাজারি—এই দুই চরিত্রে। ট্রেলারে দেখানো হয়েছে, কীভাবে ব্যক্তিগত ক্ষতি, ক্রোধ এবং দেশপ্রেমের টানাপোড়েনের মধ্যে দিয়ে জস্কিরাত ধীরে ধীরে হামজায় রূপান্তরিত হয়। হামজার কাঁধ ছোঁয়া ঝাঁকড়া চুল এবং জস্কিরাতের ট্রিম করা চুলের স্টাইল—এই দুই চরিত্রের ভিজ্যুয়াল কনট্রাস্টও দর্শকের নজর কেড়েছে।
ছবির গল্পের কেন্দ্রে রয়েছে প্রতিশোধের নাটকীয় কাহিনি। ট্রেলারে দেখা যায়, রহমন ডাকাইতের মৃত্যুর পর পাকিস্তানের লিয়ারি অঞ্চলে শুরু হয়েছে ক্ষমতার তীব্র লড়াই। অপরাধ জগতের বিভিন্ন শক্তি সেখানে নিয়ন্ত্রণ কায়েমের জন্য সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই অস্থির পরিস্থিতির মধ্যেই ক্রমশ প্রভাবশালী হয়ে ওঠে হামজার চরিত্র।
ট্রেলারে বিশেষভাবে নজর কেড়েছেন সঞ্জয় দত্ত। তিনি অভিনয় করছেন এসপি চৌধুরী আসলাম চরিত্রে। একটি দৃশ্যে তাঁর সংলাপ— “রো কিউ রাহা হ্যায় লালে… জাহাঁ দর্দ হ্যায় ওয়াহ মর্দ হ্যায়”—ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এছাড়াও ছবিতে দেখা যাবে আর মাধবন–কে অজয় সান্যাল চরিত্রে এবং অর্জুন রামপাল–কে আইএসআই–এর মেজর ইকবাল চরিত্রে। অর্জুনের ঠান্ডা মাথার পরিকল্পনা গল্পে নতুন উত্তেজনা যোগ করবে বলেই ট্রেলার থেকে ইঙ্গিত মিলেছে। অন্যদিকে সারা অর্জুন অভিনীত ইয়ালিনা সম্ভবত হামজার আসল পরিচয় জেনে ফেলবে, যা গল্পে নতুন আবেগঘন মোড় আনতে পারে।
প্রযোজকদের তরফে জানানো হয়েছে, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তি পাবে ১৯ মার্চ ২০২৬। ঈদ, গুড়ি পড়ওয়া এবং উগাদির উৎসবের সময়কে মাথায় রেখেই ছবির মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে। ছবিটি হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম—এই পাঁচ ভাষায় মুক্তি পাবে, অর্থাৎ পুরোপুরি প্যান-ইন্ডিয়া রিলিজ হিসেবে দর্শকের সামনে আসবে।
জিও স্টুডিওস প্রেজেন্টেড এই ছবির প্রযোজক জ্যোতি দেশপান্ডে ও লোকেশ ধর। প্রথম ছবির বক্স অফিস সাফল্যের পর, এই সিক্যুয়েল যে আরও বড় সাড়া ফেলতে পারে—ট্রেলার দেখেই সেই ইঙ্গিত মিলছে।
