দেবীপক্ষে পর্দায় আসছে দেবী চৌধুরানী

সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরানী’উপন্যাস আপামর বাঙালি পাঠকের বড় প্রিয়। ‘প্রফুল্ল’র ডাকাতরানী ‘দেবী চৌধুরানী’ হয়ে ওঠার কাহিনি কমবেশি সকলেরই জানা। সেই কাহিনি যখন আবারও রুপোলি পর্দায় ফিরতে চলেছে তখন তাকে নিয়ে পাঠক তথা সিনেপ্রেমীর অপেক্ষা থাকাটাই স্বাভাবিক। চিত্রপরিচালক শুভ্রজিৎ মিত্র সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্রের সেই উপন্যাসকে আধার করে তৈরি করেছেন ‘দেবী চৌধুরানী’ ছবিটি। ২০২৩ সালে শুরু হয়েছিল ছবির শুটিং। শেষ হয়েছে পোস্ট প্রোডাকশনের কাজও। জাতীয় স্তরে এই ছবি বিশেষ সম্মান পেয়েছে। তবে সব কিছুর পরেও বারবার ছবি মুক্তির দিন পিছিয়েছে।

অবশেষে প্রকাশ্যে এল ছবি মুক্তির দিনক্ষণ।প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন। তিনি সোশাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, “দেবীপক্ষেই দেবীর আগমন। এই পুজোয় আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে।” অর্থাৎ বোঝাই যাচ্ছে চলতি বছরের পুজোয় মুক্তি পেতে চলেছে ‘দেবী চৌধুরানী’।এর আগেও ‘দেবী চৌধুরানী’ পর্দায় এসেছে। সেই চরিত্রে দর্শক পেয়েছেন মহানায়কা সুচিত্রা সেনকে। শুভ্রজিতের ছবিতে প্রফুল্ল তথা দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। দেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে সন্ন্যাসী বিদ্রোহের ঘটনাও তুলে ধরা হবে। ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *