দেবাশিস পাল, মালদা : গতকালই ঘোষণা হয়ে গিয়েছে ভোটের দিনক্ষণ। উত্তরবঙ্গ সহ মালদহে নির্বাচন আগামী ২৩ এপ্রিল। অথচ, জেলায় আট লক্ষেরও বেশি ভোটার এখনও বিবেচনাধীন বা অ্যাজুডিকেশন তালিকায়। বিপুল পরিমাণ ভোটারের ভোটাধিকার এখনও নিশ্চিত নয়। এই অবস্থায় সকাল থেকে মালদহের জেলাশাসকের দপ্তর চত্বরে বিক্ষোভ, আন্দোলন। মালদা মুসলিম মাইনরিটি ফোরামের নেতৃত্বে আন্দোলনে সামিল কয়েকশো ভোটার। প্রত্যেক বৈধ ভোটারের ভোটদানের অধিকার নিশ্চিত করার দাবি আন্দোলনকারীদের। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীরা এসে মালদা শহরে জমায়েত হয়। এরপর প্লাকার্ড এবং জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে জেলাশাসকের দপ্তর চত্বরে ঢুকতে গেলে বাঁধা দেয় পুলিশ। কালেক্টরেট চত্বরে ঢোকার গেট বন্ধ করে দেওয়া হয়। বাঁধা পেয়ে সেখানেই বসে পড়ে অবস্থান আন্দোলন শুরু করেন প্রতিবাদীরা। পরে সংগঠনের এক প্রতিনিধি দল মালদহের জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেয়।
নির্বাচনের দিন ঘোষণা হলেও এখনও অ্যাজুডিকেশন লক্ষাধিক, আন্দোলনে বৈধ ভোটাররা
