বিজেপি শাসিত দিল্লিতে আইনশৃঙ্খলা প্রশ্নে,প্রকাশ্যে ছিনতাই, প্রতিরোধ করায় মহিলাকে মারধর—CCTV-তে ধরা ঘটনা

দিল্লির কৃষ্ণনগর এলাকায় দিনের আলোয় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা সামনে এসেছে। সকাল প্রায় ৭টা ১৫ নাগাদ এক মহিলার উপর হামলা চালিয়ে তাঁর গয়না ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনাটি CCTV ক্যামেরায় ধরা পড়েছে, যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম মেহতা। তিনি রাস্তায় হাঁটছিলেন, সেই সময়ই দুষ্কৃতীরা বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে। মহিলার কাছ থেকে গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। তখনই তাঁকে বন্দুকের বাট এবং ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

ঘটনার সময় আশেপাশে একাধিক মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ। একটি স্কুল বাসও ঘটনাস্থলের কাছে ছিল। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রথমে এগিয়ে এলেও দুষ্কৃতীদের হুমকির মুখে সরে যান।

ছিনতাইয়ের পর দুষ্কৃতীরা আতঙ্ক তৈরি করতে আকাশে গুলি ছুড়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনায় মহিলার মাথায় এবং নখে আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন স্থিতিশীল রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ব্যবহৃত বাইকগুলিও চুরি করা ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। শহরের বিভিন্ন জায়গায় অভিযানের মাধ্যমে দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে।

এই ঘটনার পর আবারও শহরের নিরাপত্তা ব্যবস্থা এবং পথচারীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের সচেতনতা এবং সাহসিকতার অভাব অনেক সময় অপরাধীদের আরও বেপরোয়া করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *