
ফের টালিগঞ্জে অচলাবস্থা। পরিচালক-টেকনিশিয়ানদের দ্বন্দ্বে দ্বিতীয় বার শুটিং বন্ধ হয়ে গেল পরিচালক কিংশুক দের নতুন ছবি ‘হ্যারি ওম’য়ের।কিংশুক দের ক্ষেত্রে আরও একবার ঘটেছিল শুটিংয়ে ‘অসহযোগিতা’। এই নিয়ে দ্বিতীয়বার পড়লেন ‘অসহযোগিতা’র কোপে। সোমবার ৯ জুন বাঘাযতীনে কিংশুক দের নতুন ছবি ‘হ্যারি ওম’-এর শুটিং শুরুর কথা ছিল। কিন্তু পরিচালকের অভিযোগ রবিবার অর্থাৎ ৮ তারিখ থেকে একাধিকবার ফোন করার পরেও কোনও সিনে টেকনিশিনায়নই তাঁর ফোন তোলেননি। টেকনিশিয়ানদের ‘অসহযোগিতা’ এই প্রথমবার নয়। পরিচালক সুদেষ্ণা রায় থেকে অনির্বাণ ভট্টাচার্যর ক্ষেত্রে ঠিক এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। ফেডারেশন-পরিচালক দ্বৈরথ আজকের নয়। একাধিকবার একাধিক অভিযোগ উঠেছে ফেডারেশনের বিরুদ্ধে। পরিস্থিতি এমন যে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক কিংশুক দে সহ মোট ১৫জন পরিচালক। অভিযোগ যে সকল পরিচালক ফেডারেশনের বিরোধিতা করেছেন, কোনও না কোনও ভাবে তাঁদের কাজের প্রতি ‘অসহযোগিতা’ দেখিয়েছেন টেকনিশিনায়নরা।
জানা গিয়েছে যাঁরা ফেডারশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন তাঁদের বিরুদ্ধে ফেডারেশন কঠোর সিদ্ধান্ত নেবে।তাঁদের মধ্যে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল রায়চৌধুরি, বিদুলা ভট্টাচার্য, সুদেষ্ণা রায়, কিংশুক দের মতো পরিচালকরা। ফেডারেশনের সেই কঠোর সিদ্ধান্তের কোপেই কি এবার পড়লেন কিংশুক দে? শুটিং বন্ধের বিষয় নিয়ে ফেডারেশন সূত্রের খবর, ‘গোটা বিষয় বিচারাধীন, তাই এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারব না!’
