হাওড়ায় এসআইআর এর শুনানিতে ‘হয়রানি’র তথ্য সাংবাদিক বৈঠকে সামনে আনল সিপিআইএম নেতৃত্ব

‘ভুতুড়ে’ ভোটারের পর এবার ‘ভুতুড়ে অভিযোগকারী’র তথ্য সামনে এলো। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে প্রায় দু’হাজার মানুষের কাছে আসে এসআইআর শুনানি কেন্দ্রে আসার নোটিশ।কারণ হিসাবে তাদের উল্লেখ করা হয়েছে ‘নন ইন্ডিয়ান সিটিজেন’। আর অভিযোগকারী হিসাবে যেখানে ডিটেইলস নাম এবং ঠিকানা থাকার কথা সেখানে শুধু নাম আর ঠিকানা বলতে ‘ওয়েস্ট বেঙ্গল’ দেখানো হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। শুনানি কেন্দ্রে হাজির হন সকলে নির্দিষ্ট তারিখে। তাঁদের তথ্য যাচাই করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনা কেন ঘটল তা জানতে কদিন আগে শুনানি কেন্দ্রে যান সিপিআই নেতা আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। তখন তৃণমূল নেতারা হাজির হন। দু’পক্ষের মধ্য বচসা শুরু হয়। শুক্রবার এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে সিপিআইএম নেতৃত্ব। সব্যসাচী চ্যাটার্জি অভিযোগ করেন, এধরনের নোটিশ শাসক দল চক্রান্ত করে পাঠাচ্ছে। মানুষকে আতঙ্কে ফেলে আবার তাদের পাশে দাঁড়িয়ে দেখাতে চাইছে তারা সাথে আছে। বদনাম করতে চাইছে বামেদের। এই বিষয়ে সর্বোচ্চ আদালতে দৃষ্টি আকর্ষণ করা হবে বলে তিনি জানান। অন্যদিকে, বামেদের অভিযোগ উড়িয়ে দেয় তৃণমুল কংগ্রেস। মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুশোভন চ্যাটার্জি বলেন, সিপিআইএম ও বিজেপি একসাথে এসব করছে। বিভ্রান্ত করতে চাইছে মানুষকে। এসআইআর নিয়ে হয়রানির প্রতিবাদ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। উল্লেখ্য, শুক্রবার দুপুরে হাওড়ায় সিপিআইএমের জেলা পার্টি দপ্তর অনিল বিশ্বাস ভবনে ওই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দলের জেলা সম্পাদক দিলীপ ঘোষ, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, ইমতিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *