উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মথুরাপুর : তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কুলপি ব্লকে চার্জশিট প্রকাশ করল বিজেপি।রবিবার বিজেপির মথুরাপুর জেলা অফিসে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে এই চার্জশিট প্রকাশ করা হয়। বিজেপির দাবি, বাংলার গণতন্ত্রকে বাঁচানোর লড়াইয়ে এই চার্জশিট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চার্জশিট প্রকাশ করে এদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শতরূপা দাবি করেন,কাকদ্বীপ ও কুলপি শুধু একটি ভৌগোলিক নাম নয়, দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেস এখানে শাসন নয়, শোষণের রাজনীতি কায়েম করেছে।তিনি এদিন চার্জশিটে উল্লেখ করেন দীর্ঘদিন ধরে আটকে রয়েছে কুলপির পানীয় জল প্রকল্প। তৃণমূল সরকারের অব্যবস্থাপনার কারণে জলের তীব্র সংকটে ভূগছে গোটা এলাকা।করঞ্জলিতে ভাঙা সেতু সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও এখনও কাজ শুরু করতেই পারেনি তৃণমূল প্রশাসন।রাজ্যের প্রান্তিক মানুষ গুলোর প্রতি রাজ্য সরকার কতটা উদাসীন এটাই তার প্রমাণ।গোটা কুলপি জুড়ে স্বনির্ভর গোষ্ঠীর টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়েছে এলাকার তৃণমূল নেতারা।স্কুল কমিটিতে নিজেদের লোক বসানো আর মেরামতির টাকা নয়ছয়ের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে।কুলপির স্কুল গুলিতে মিড-ডে মিলের সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে ব্যাপক দূর্নীতিতে অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ দোকানদাররা।কুলপি বাজার আর আশেপাশের এলাকায় ড্রেন দখল করেছে তৃণমূল।ড্রেন দখল করে রাখায় ব্যাহত নিকাশি ব্যবস্থা, জলমগ্ন হয়ে পড়ছে গোটা এলাকা।দেদার গাছ কাটা হচ্ছে কুলপিতে।এলাকাবাসীদের বারবার আবেদন সত্ত্বেও বর্জ্য ব্যবস্থাপনা আর স্যানিটেশন ব্যবস্থা পুরোপুরি অকেজো।তৃণমূল প্রশাসনের এদিকে কোনও নজরই নেই।তৃণমূল জমানায় কুলপির বহু গ্রামে এখন ও পৌঁছায়নি বিশুদ্ধ পানীয় জল, নেই শৌচালয়ও।কুলপির সরকারি হাসপাতাল গুলোতে নেই পর্যাপ্ত ডাক্তার, নেই চিকিৎসা সরঞ্জাম।তৃণমূল শাসনে ভোটের জন্য ভাতা আছে, বেঁচে থাকার জন্য ওষুধ নেই।এই চার্জশিট কোনও সাধারণ কাগজের বান্ডিল নয়। এটি তৃণমূল কংগ্রেসের লুটের হিসাব, গরিব মানুষের অধিকার আত্মসাতের দলিল এবং ভোট লুঠ, টাকা লুঠ ও ক্ষমতার অপব্যবহারের পূর্ণ খতিয়ান। এসআইআর ছাড়া কোনও নির্বাচন মেনে নেওয়া হবে না। এসআইআর প্রক্রিয়া ছাড়া ভোট হলে তা গণতন্ত্রের সঙ্গে প্রতারণা হবে। অবাধ ও স্বচ্ছ ভোট নিশ্চিত না হলে রাষ্ট্রপতি শাসনের দাবি জোরালো ভাবে তোলা হবে।এদিন কুলপি ব্লকের এই কর্মসূচিকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিজেপির দাবি, দুর্নীতি মুক্ত বাংলা গড়তেই এই আন্দোলন চলবে এবং তৃণমূলের বিরুদ্ধে এই লড়াই আরও তীব্র হবে।
তৃণমূল কংগ্রেসের দূর্নীতির চার্জশিট পেশ করল বিজেপি
