রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি আগেই পড়ে গিয়েছে। এবার বেসরকারি স্কুলগুলিকেও ছুটি দেওয়ার আবেদন জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে স্কুলগুলিকে ছুটি দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী সকলকে আশ্বস্ত করে প্যানিক হতে বারণ করলেন। স্কুল পড়ুয়াদের বাড়িতে রাখার জন্যই আবেদন করলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের স্কুলগুলো ছুটি আছে। প্রাইভেট স্কুলগুলিকে বলব তারা যদি অনুগ্রহ করে রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে ছুটি দিয়ে দেন ভাল হয়। বাচ্চারা বাড়ি থাকলে ভাল। সেখানে থেকে পড়াশোনা করবে। প্যানেল কন্ট্রোল রুম খোলা হয়েছে। আপনাদের কিছু জানানোর থাকলে একটা নম্বর দেওয়া হবে। সেখানে মেসেজ পাঠাতে পারেন।” একই সঙ্গে কড়া বার্তা দিয়ে বলেছেন, “কেউ যদি ভুয়ো খবর ছড়ায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
