‘আমি কলকাতায় থাকলে এক সেকেন্ডে মিটিয়ে নিতাম’, আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী

নির্দিষ্ট দিনে যোগ্য অযোগ্যদের তালিকা বার করতে পারল না এসএসসি কমিশন। এরপরেই রাজপথে চাকরিহারাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। মুখ্যমন্ত্রী গোয়ালতোড়ে, সরকারি প্রকল্প সোলার পার্কের উদ্বোধন অনুষ্ঠানে বলেন, “আমি কলকাতায় থাকলে এক সেকেন্ডেই বিষয়টা মিটিয়ে দিতাম।” এদিন মুখ্যমন্ত্রী সাফ জানান, “আমি কাল সন্ধ্যা থেকে কমপক্ষে ১০ বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে বিষয়টা মিটিয়ে দিতাম। আমি রাত বারোটা পর্যন্তও কথা বলে দেখেছি, কেউ কেউ জেদি হয়ে রয়েছেন। যে যোগ্য অযোগ্য তালিকা বার করতে হবে। ”

স্পষ্ট করেই জানান, “শিক্ষক শিক্ষিকারা যাঁরা বসে রয়েছেন, তাঁরা কেন কষ্ট করে বসে রয়েছেন এই গরমের মধ্যে? আপনারা স্কুলে যান।” চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বেতন পাবেন, সেটা আরও একবার সুনিশ্চিত করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছিল, টাকা বন্ধ করে দিয়েছিল, আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম, তাতে তো আমরা বলেছিলাম, আপনারা মাইনে পাবেন। সিস্টেম অনুযায়ী বেতন চলে যাবে। কারোর প্ররোচনা দেওয়ার দরকার নেই।”

শিক্ষাকর্মীদের মুখ্যমন্ত্রী বলেন, “গ্রুপ সি-ডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন। দরকার হলে আবার রিভিউয়ে যাব। যারা চাকরি খেয়েছে, তাদের ওপর ভরসা করবেন না। যারা চাকরি দিয়েছে, যারা আগামী দিনে চাকরি দিতে পারে, তাদের ভরসা করুন। আমি তো চাইব না, আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কে”স করে বসে আছে, ৩৫ হাজার প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *