মাওবাদীদের আইইডি বিস্ফোরণে ছত্তীসগড়ে প্রাণ গেল পুলিশ সুপারের

ছত্তীসগড়ে (Chhattishgarh) বেশ কয়েক সপ্তাহ ধরে মাওবাদী বিরোধী অভিযান চলছে। গত তিনদিনে ৭ মাওবাদীর মৃত্যু হয়েছে। তবে এবার অভিযান চলাকালীন আইইডি বিস্ফোরণের ফলে মৃত্যু হল এক পুলিশ কর্তার।

সুকমায় এবার মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে প্রাণ হারালেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও গিরিপুঞ্জে। সোমবার সকালে রাজ্যের দোন্দরার কাছে কোন্টা-এরাবোরে রোডে ভয়াবহ এই বিস্ফোরণে কোন্টার এসডিপিও এবং স্টেশন হাউস অফিসার ছাড়াও একাধিক জওয়ান আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত অফিসারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে জানা যায়। পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর বিশেষ ইউনিট কোবরা বাহিনীর সদস্যদের যৌথ অভিযানে গত কয়েকদিনে বেশ কিছু শীর্ষস্থানীয় মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আগামী ১০ জুন বনধ ডেকেছে মাওবাদী সংগঠন। যেকোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সেই বনধ অসফল করতে এলাকায় টহল দিচ্ছিল পুলিশ এবং সেনার যৌথ দল। জানা গিয়েছে, টহল দেওয়ার সময় হঠাৎ আইইডি বিস্ফোরণ ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *