ফের ট্রেন দুর্ঘটনা, তবে এবার ভয়াবহ পরিণতি এড়ানো গেল একটুর জন্য। ইস্ট কোস্ট রেল সূত্রে জানা গিয়েছে, চেন্নাই সেন্ট্রাল–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ভদ্রক ছেড়ে জাজপুরের দিকে যাওয়ার সময় ঝাঁকাপুরা স্টেশনের কাছে আপ লাইনে ঢোকার মুহূর্তে লাইনচ্যুত হয়ে যায়।চালকের দ্রুত সিদ্ধান্তে সঙ্গে সঙ্গেই ট্রেন থামানো হয়। সামান্য ঝাঁকুনি লাগতেই আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন—কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও যাত্রীদের আশ্বস্ত করেন।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি, হতাহতেরও কোনও খবর নেই। সকল যাত্রীই সুরক্ষিত রয়েছেন। লাইনচ্যুত বগিগুলি ট্র্যাকে ফেরানোর কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।এর আগেও ওড়িশা-তে একাধিক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। সেই আতঙ্ক কাটতে না কাটতেই এই ঘটনা ফের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।অনেক যাত্রীরই বক্তব্য—যে দেশে বন্দে ভারতের মতো আধুনিক ট্রেন চলছে, যেখানে বুলেট ট্রেনের স্বপ্ন বাস্তবায়নের পথে, সেখানে বারবার এমন ঘটনা যাত্রী সুরক্ষার পরিকাঠামো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে।
চালকের তৎপরতায় বড় বিপদ এড়াল চেন্নাই–এনজেপি এক্সপ্রেস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
