রোগের সঙ্গে দীর্ঘ লড়াই জয় করে নতুন জীবনে ফিরে আসা মানুষদের অনুপ্রেরণামূলক গল্পে ভরে উঠল কলকাতার মহাজাতি সদন। শনিবার আয়োজিত হল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পেশেন্ট সারভাইভার মিট “উজ্জীবন”।
চিকিৎসক ডা. সৌম্য ভট্টাচার্য এবং পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটি-র উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু রোগজয়ী মানুষ, তাঁদের পরিবার এবং বিশিষ্ট অতিথিরা। রোগের বিরুদ্ধে লড়াই করে সুস্থ জীবনে ফিরে আসা মানুষেরা তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি ভাগ করে নেন সকলের সঙ্গে।
অনুষ্ঠানে ছিল সঙ্গীত পরিবেশনা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বই প্রকাশ এবং রোগজয়ীদের সঙ্গে সরাসরি আলাপচারিতা। মঞ্চে উঠে অনেকেই নিজেদের জীবনের কঠিন লড়াইয়ের গল্প শোনান। সেই গল্প শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত দর্শকরা।
এদিন ডাক্তার সৌম্য ভট্টাচার্যের লেখা ‘স্বপ্ন হলেও সত্যি’ পুস্কক প্রকাশিত হয়।
সৌম্য ভট্টাচার্য বলেন, “উজ্জীবন” কেবল একটি অনুষ্ঠান নয়, এটি জীবনের প্রতি আস্থা ও সাহসের উদযাপন। রোগের সঙ্গে লড়াই করা মানুষদের পাশে দাঁড়ানো এবং তাঁদের মানসিক শক্তিকে আরও বাড়িয়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের একাধিক সাংস্কৃতিক পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে। রোগজয়ীদের কেউ গান গেয়েছেন, কেউ আবৃত্তি বা নাচের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরেছেন।
আনন্দ, আবেগ এবং অনুপ্রেরণায় ভরা এই অনুষ্ঠান যেন উপস্থিত প্রত্যেককে মনে করিয়ে দিল কঠিন লড়াইয়ের পরেও জীবন আবার নতুন করে শুরু হতে পারে।
ক্যান্সার জয়ীরা শোনালেন জীবন জয়ের অনুপ্রেরণার কাহিনী
