কানাডার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল-এ ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২৫ জন। পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ এলাকায়। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিট নাগাদ স্কুল প্রাঙ্গণে একজন বন্দুকধারীর উপস্থিতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে ঘটনাস্থল থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম দু’জনকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে, তদন্ত চলাকালীন স্কুলের কাছাকাছি একটি বাড়িতে তল্লাশি চালিয়ে আরও দু’জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ। আশপাশের কয়েকটি বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, এই স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, চলতি সপ্তাহের বাকি দিনগুলো প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে।
হামলার নেপথ্যে কী কারণ রয়েছে, তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলিং ব্যবস্থাও চালু করা হয়েছে।
এই ঘটনায় স্থানীয় এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।
