সল্টলেকে সরকারি আবাসনের নীচ থেকে কিশোরী ছাত্রীর দেহ উদ্ধার

সল্টলেকে সরকারি আবাসনের নীচ থেকে অদ্রিজা সেন নামের এক কিশোরী ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতা ১৩ বছরের অদ্রিজা ধর্মতলা লরেটোর সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল। গত ২৯ জুন সল্টলেকের বিসি ব্লকের সরকারি বিচিত্রা আবাসনের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উত্তর বিধাননগর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল সেটা এখনও পরিবারের কাছে স্পষ্ট নয়। অদ্রিজার বাবা সুব্রত সেন জেলা বিদ্যালয়ের প্রাক্তন পরিদর্শক। অন্যদিকে মা চন্দনা সেন লবণহ্রদ বিদ্যাপীঠে বিজ্ঞানের শিক্ষিকা। মেয়েটির বাবা এই বিষয়ে জানিয়েছেন, ২৯ জুন রাত ৮টা নাগাদ বাড়ি ফেরেন তিনি। মেয়েকে মুড়ি, চানাচুর, সিঙারা খেতে দিয়ে কিছুক্ষণের জন্য বেরিয়েছিলেন। ৮টা ৪০ নাগাদ ফিরে এসে দেখেন মেয়ে বাড়ির নীচে পড়ে রয়েছে। যন্ত্রণায় ছটফট করছে মেয়েটি। কিন্তু সেটা ছাদ থেকে পড়ে গিয়ে নাকি বাড়ির ব্যালকনি থেকে সেই বিষয়ে কেউই কিছু বলতে পারেননি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। তবে এই ঘটনাকে আত্মহত্যা বলে মানতে একেবারেই নারাজ অদ্রিজার বাবা। মেয়ের কোনও মানসিক অবসাদ ছিল বলেও তিনি জানান নি। সোমবার দেহের ময়নাতদন্ত হয় আরজিকর হাসপাতালে তবে প্রাথমিক রিপোর্ট এখনও হাতে আসেনি। এই ঘটনার তদন্তে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। মেয়েটির ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং মৃতের একটি ডায়েরিও পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *