উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ডহারবার : এবার ডায়মন্ডহারবার এলাকায় হুগলি নদীর চড় থেকে একটি গাঙ্গেয় ডলফিনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নদীর ধারে এই বিরল প্রজাতির জলজ প্রাণীর মৃতদেহ দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের মুক্তাঙ্গনের কাছে নদীর চড়ে কয়েকজন স্থানীয় মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে একটি বড় আকৃতির ডলফিনের দেহ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা বুঝতে পারেন সেটি একটি পূর্ণবয়স্ক গাঙ্গেয় ডলফিন। খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ।মৎস্যজীবীদের দাবি, মৃত ডলফিনটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের অনুমান, নদীপথে চলাচল করা কোনও পণ্যবাহী জাহাজের প্রপেলারের ধাক্কায় ডলফিনটি গুরুতরভাবে জখম হয়েছিল। সেই আঘাতেই সম্ভবত তার মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
আর এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মৎস্য দপ্তর এবং ডায়মন্ড হারবার থানার পুলিশ। তারা মৃত ডলফিনটিকে উদ্ধার করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।উল্লেখ্য, গাঙ্গেয় ডলফিন একটি বিরল এবং সংরক্ষিত জলজ প্রাণী। এই প্রজাতিকে ভারতের জাতীয় জলজ প্রাণী হিসেবেও ঘোষণা করা হয়েছে। সাধারণত গঙ্গা ও তার উপনদীগুলিতে এই ডলফিনের দেখা মেলে। পরিবেশবিদদের মতে, নদীর পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই প্রজাতির ডলফিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ডায়মন্ড হারবারের মতো নদীবন্দর এলাকায় মাঝেমধ্যেই বড় জাহাজের চলাচল হয়। ফলে অনেক সময় জলজ প্রাণীরা দুর্ঘটনার শিকার হয় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পর নদীর জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের আরও নজরদারি বাড়ানোর দাবি উঠেছে এলাকাবাসীর তরফে।
ডায়মন্ড হারবারে নদীর চড়ে ভেসে উঠল গাঙ্গেয় ডলফিনের দেহ
