বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সিদ্ধান্ত নিল ভারত। প্রায় চার বছর ধরে জারি থাকা বাংলাদেশে গম রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নয়াদিল্লি। রাজনৈতিক পালাবদলের আবহেই ভারতের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
২০২২ সালের ১৩ মে অভ্যন্তরীণ বাজারে গমের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র সরকার। সেই সিদ্ধান্তে বাংলাদেশ-সহ একাধিক দেশ ভারতীয় গম আমদানি থেকে বঞ্চিত হয়েছিল।
তবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টির মধ্যে ২০৯টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। জোটসঙ্গীদের নিয়ে তাদের আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তারেক রহমান। এই রাজনৈতিক পরিবর্তনের পরপরই ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বাণিজ্য মহলের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে প্রতিবেশী দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখতে তারা আগ্রহী। হিলি স্থলবন্দর সূত্রে খবর, শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে নিষেধাজ্ঞা কার্যত তুলে নেওয়া হয়েছে।
যদিও বর্তমানে আন্তর্জাতিক বাজারে ইউক্রেন ও রাশিয়ার গম তুলনামূলক সস্তা হওয়ায় অবিলম্বে বড় আকারে রফতানি শুরু হওয়ার সম্ভাবনা কম। তবে নতুন মরসুমে ভারতের গমের দাম কমলে বাংলাদেশে রফতানি আবারও বাড়তে পারে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।
