হাওড়ায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শুরু ২ মার্চ, আসবেন রাজনাথ সিং

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাওড়া জেলায় বড় কর্মসূচি নিতে চলেছে বিজেপি। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২ মার্চ আমতা থেকে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করবেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এই কর্মসূচিকে ঘিরে হাওড়া শহর ও গ্রামীণ এলাকায় একাধিক জনসভা ও বাইক র‍্যালির পরিকল্পনা করা হয়েছে। শুধু হাওড়া শহরেই অন্তত চারটি জনসভা করার প্রস্তুতি নিচ্ছে দল। প্রতিটি বিধানসভা এলাকাতেই বাইক মিছিল হবে বলে জানা গেছে।

আগামী ৬ মার্চ হাওড়া সদর এলাকায় দিনভর পরিবর্তন যাত্রা চলবে। রানিহাটি ঝামসিয়া কালীবাড়ি থেকে শুরু হয়ে যাত্রা যাবে পাঁচলা, ধূলাগড়, আন্দুল, চুনাভাটি, সাঁতরাগাছি-সহ একাধিক এলাকায়। শেষে বালিতে একটি জনসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হবে।

দলীয় সূত্রে আরও জানা গেছে, গোটা মার্চ মাস জুড়ে হাওড়া সদর ও গ্রামীণ এলাকায় লাগাতার রাজনৈতিক কর্মসূচি চলবে। রাজনাথ সিং ছাড়াও অমিত শাহ, জেপি নাড্ডা, নীতীন গড়করি-সহ একাধিক কেন্দ্রীয় নেতা রাজ্যে সভা করতে পারেন। রাজ্যজুড়ে প্রায় ৬০টি বড় জনসভা ও ৩০০টি ছোট সভার পরিকল্পনা রয়েছে।

বিজেপির হাওড়া সদরের সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, সামনে একের পর এক কর্মসূচি রয়েছে এবং দলীয় কর্মীরা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের আগে প্রচারে জোর দিতেই এই ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *