সুমন আদক : শনিবার ব্রিগ্রেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় জনপ্লাবন হবে। শুক্রবার এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন হাওড়া স্টেশন সংলগ্ন চত্বরে দূরদূরান্ত থেকে আসা বিজেপি কর্মীদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা খতিয়ে দেখতে এসে সাংবাদিকদের শমীক জানান, ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় হবে জনপ্লাবন।
এদিন শমীক বলেন, প্রচুর মানুষ আসবেন এই পরিবর্তন সভায়। তাঁদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে রান্নার গ্যাসের সংকট চলছে। সেক্ষেত্রে এতো মানুষের রান্না কীভাবে হবে? এ প্রসঙ্গে তিনি বলেন, এরাজ্যে গ্যাসের সমস্যা নেই। তৃণমূল গান পয়েন্টে ডিলারদের থেকে গ্যাস তুলে নিয়েছে। মুখ্যমন্ত্রী বিভ্রান্তমূলক বিবৃতি দিয়ে মানুষকে আতঙ্কিত করছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন কোনও সমস্যা নেই। আন্তর্জাতিক কারণে গ্যাস নিয়ে একটা সমস্যা হয়েছে। তার মোকাবিলায় বিরোধী দলগুলোর এক হওয়া উচিত। তা না করে রাজনীতি করা হচ্ছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ প্রধানমন্ত্রীর সভার মঞ্চ নিয়ে কটাক্ষ করে বলেছেন দক্ষিনেশ্বর মন্দিরের আদলে মঞ্চ হচ্ছে। এটা পুজোর থিম নাকি রাজনৈতিক জনসভা তা বোঝা যাচ্ছে না। এর জবাবে শমীক বলেন, তৃণমূলের কথা আর কেউ শুনছে না। বিজেপি যা করছে মানুষের সামনে তুলে ধরছে। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলবেন।
ব্রিগেডে মোদির সভায় জলপ্লাবন ঘটবে দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীকের
