তালিকা চূড়ান্ত করতে তৎপর হয়েছে বিজেপি। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির নির্বাচনী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।
আগামী শনিবার বঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদি। তার আগে এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, ভোট ঘোষণার আগেই প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করতে চাইছে গেরুয়া শিবির।
গত কয়েকটি নির্বাচনে বাংলায় বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন বিজেপির কাছে অনেকটাই ‘ডু অর ডাই’ ম্যাচের মতো বলে মনে করা হচ্ছে। দলের তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীও এক জনসভায় এই কথাই উল্লেখ করেছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে বাংলায় বিজেপির সংগঠন খুব শক্ত অবস্থায় নেই। দক্ষ সংগঠকের অভাব এবং দলীয় অন্তর্কলহ—এই দুই সমস্যাও রয়েছে। পাশাপাশি এসআইআর ইস্যু ভোটে বিজেপিকে খুব একটা সুবিধা দিতে পারবে না বলেও মনে করা হচ্ছে। ফলে গেরুয়া শিবিরের উপর চাপ অনেকটাই বেড়েছে।
এই পরিস্থিতিতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা নিচ্ছে বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, বর্তমানে যারা বিধায়ক আছেন তাদের অধিকাংশকেই আবার টিকিট দেওয়া হতে পারে। পাশাপাশি দক্ষ সংগঠকদেরও প্রার্থী করা হতে পারে।
এই তালিকায় দিলীপ ঘোষ টিকিট পান কিনা এবং পেলে কোন কেন্দ্র থেকে লড়বেন—সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।
এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার তরুণ প্রজন্মকে সামনে আনার কথা বলছেন। তাই তরুণ নেতৃত্বের কয়েকজনকে প্রার্থী করা হতে পারে বলেও সূত্রের খবর। তবে শুধুমাত্র বিনোদন জগতের জনপ্রিয়তার উপর ভর করে কাউকে টিকিট দেওয়ার পরিকল্পনা নেই বলেই জানা গিয়েছে।
যদিও শেষ পর্যন্ত কারা টিকিট পাবেন, তা স্পষ্ট হবে প্রার্থী তালিকা প্রকাশের পরই।
