পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। গত শুক্রবার নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। কালীঘাটে আয়োজিত অনুষ্ঠানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে এই ইশতেহার প্রকাশ করেন। ছয়টি ভাষায় প্রকাশিত এই নথিতে ‘দিদির ১০ প্রতিজ্ঞা’-কে সামনে রেখে বিভিন্ন সামাজিক ও আর্থিক প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হয়েছে। মহিলা, যুব সমাজ, কৃষক এবং সাধারণ পরিবার—প্রায় সব শ্রেণির মানুষের জন্য একাধিক পরিকল্পনার ঘোষণা করা হয়েছে।
এবার নজর ঘুরেছে প্রধান বিরোধী দল বিজেপির দিকে। দলীয় সূত্রে খবর, আগামী ২৮ মার্চ পশ্চিমবঙ্গের জন্য নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে পারে বিজেপি। সম্ভাবনা রয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইশতেহার প্রকাশ করবেন।
ইতিমধ্যেই রাজ্যের ২৫৫টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। বাকি আসনগুলির প্রার্থী তালিকাও শীঘ্রই প্রকাশ করা হতে পারে। পাশাপাশি, নির্বাচনী প্রচারকে আরও জোরদার করতে মার্চের শেষ কিংবা এপ্রিলের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের ইঙ্গিত, কোচবিহার থেকে তাঁর প্রচার অভিযান শুরু হতে পারে।
এছাড়াও, দলের সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডার পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত নেতা নীতিন নবীন এই সপ্তাহে সাংগঠনিক বৈঠকে অংশ নিতে বাংলায় আসতে পারেন বলে জানা গিয়েছে। যদিও তাঁর কোনও জনসভা বা বড় প্রচারসূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।
তৃণমূল ইতিমধ্যেই ইশতেহারকে হাতিয়ার করে প্রচারে নেমে পড়েছে। সেই প্রেক্ষিতে বিজেপিও নিজেদের প্রতিশ্রুতি দ্রুত সামনে আনতে চাইছে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনে ইশতেহারকে কেন্দ্র করে দুই প্রধান দলের মধ্যে প্রতিশ্রুতির লড়াই আরও তীব্র হতে চলেছে।



