বি. নাথ : বীরভূমের নানুরে বিজেপির মন্ডল সভাপতি রামকৃষ্ণ মন্ডলের বাড়ির দরজায় সাদা থান, রজনীগন্ধা ফুলের মালা ও ধূপ-মিষ্টির প্যাকেট রাখার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ব্যারাকপুর ওয়ারলেশ মোড়ে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় বলেন, বীরভূম সন্ত্রাসের জায়গা। বীরভূম সন্ত্রাসের আঁতুরঘর। ওখানে মুখে গামছা বেঁধে বোমা-বন্দুক দেখিয়ে ভোট হয়। কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বীরভূমের মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবেন। প্রসঙ্গত, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে প্রধানমন্ত্রী পোস্টে ‘স্বামী’ সম্মোধন করেছেন। পোস্টের পরই তা নিয়ে গর্জে উঠেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, মহাপুরুষদের এভাবে অপমান করা দয়া করে বন্ধ করুন। তাঁদের জন্য রোজ নতুন নতুন শব্দবন্ধ আবিষ্কার করবেন না। এপ্রসঙ্গে বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় বলেন, উনি তো প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তুই-তুকারি করে কথা বলেন। লকেটের কথায়, বাঙালি অস্মিতা তুলে ধরে উনি প্রচার করছেন। অথচ আনন্দপুরে আগুনে ঝলসে এতজন শ্রমিকের মৃত্যু হল। তা নিয়ে উনি শোক জ্ঞাপন করে একটা শব্দও টুইটে খরচ করেননি।
বীরভূম সন্ত্রাসের আঁতুরঘর, দাবি লকেটের
