উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মথুরাপুর : এস আই আর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে শনিবার। এবার ভোটের দিনক্ষন ঘোষণা হবে। আর এবারের নির্বাচনকে পাখির চোখ করে নেমেছে বিজেপি। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার আসছেন রায়দীঘি বিধানসভার মথুরাপুরে।আর তার এই পরিবর্তন সংকল্প যাত্রাকে সফল করতে কোমর বেঁধে নেমেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব। শুক্রবারের পরে শনিবার ও সভার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠ পরিদর্শনে করে একাধিক মিটিং করলেন কর্মকর্তাদের সাথে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। দুই শীর্ষ নেতা সভাস্থলের নিরাপত্তা, মঞ্চের অবস্থান এবং সাধারণ মানুষের বসার সুব্যবস্থা খুঁটিয়ে দেখেন। মাঠ পরিদর্শনের পাশাপাশি তাঁরা স্থানীয় সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে একটি বিশেষ বৈঠকও করেন। উপস্থিত কর্মীদের উদ্দেশে বিপ্লব কুমার দেব বলেন, ‘অমিত শাহ’জির এই সভা মথুরাপুর তথা দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক পরিবর্তন আনবে। সাধারণ মানুষের উৎসাহ দেখে ই বোঝা যাচ্ছে। মথুরাপুর সাংগঠনিক জেলার প্রতিটি বুথ থেকে কার্যকর্তারা যাতে সভার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, সেই নির্দেশও দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ করা গেছে। নিরাপত্তার স্বার্থে সভাস্থল ও সংলগ্ন এলাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে মুড়ে ফেলা হচছে। বিজেপি নেতৃত্বের দাবি, এই জনসভা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মথুরাপুর লোকসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরকে উপড়ে ফেলার সংকল্প। এখন শুধু অপেক্ষা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গুরুত্বপূর্ণ বার্তার, যা আগামী দিনে এই অঞ্চলের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে।
অমিত শাহের মথুরাপুরের সভাস্থল পরিদর্শন ও বৈঠক করলেন বিপ্লব দেব
