মেলবোর্ন, ২৮ জানুয়ারি: চলতি অস্ট্রেলিয়ান ওপেনে বুধবার একের পর এক নাটকীয় মুহূর্ত। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন মেয়েদের দ্বিতীয় বাছাই ইগা সুইয়াটেক। অন্যদিকে ভাগ্যের জোরে শেষ চারে পৌঁছেছেন নোভাক জকোভিচ। তবে কোনওরকম ঝামেলা ছাড়াই সেমিফাইনালের টিকিট কেটেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জানিক সিনার। শেষ চারে জকোভিচের মুখোমুখি হবেন ইতালিয়ান তারকা।

এদিন ইগা সুইয়াটেকের প্রতিপক্ষ ছিলেন পঞ্চম বাছাই এলিনা রাইবাকিনা। পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ইগাকে ৭-৫, ৬-১ স্ট্রেট সেটে হারিয়ে সেমিফাইনালে ওঠেন রাইবাকিনা। ফলে অস্ট্রেলিয়ান ওপেন জিতে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম সম্পূর্ণ করার স্বপ্ন আপাতত অধরাই রইল ইগার। সেমিফাইনালে রাইবাকিনার প্রতিপক্ষ আমেরিকার জেসিকা পেগুলা। কোয়ার্টার ফাইনালে পেগুলা ৬-২, ৭-৬ (৭-১) সেটে হারান চতুর্থ বাছাই আমান্ডা আনিসিমোভাকে।
হারের পর খেলোয়াড়দের প্রাইভেসি নিয়ে ক্ষোভ উগড়ে দেন ইগা। তাঁর প্রশ্ন, “আমরা খেলোয়াড়, না কি চিড়িয়াখানার প্রাণী?” সম্প্রতি কোকো গফের ড্রেসিংরুমে র্যাকেট ভাঙার ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করেই এই বিতর্ক। গফের পাশে দাঁড়িয়ে ইগা বলেন, খেলোয়াড়দের ব্যক্তিগত পরিসরকে সম্মান করা উচিত।
পুরুষদের বিভাগে চমক নোভাক জকোভিচকে ঘিরে। শেষ দু’টি ম্যাচে একটিও সেট না জিতেই সেমিফাইনালে পৌঁছে যান ২৪ বার গ্র্যান্ড স্ল্যামজয়ী সার্ব তারকা। কোয়ার্টার ফাইনালে ইতালির লরেঞ্জো মুসেত্তির বিরুদ্ধে প্রথম দু’টি সেট হারার পর তৃতীয় সেটে (৪-৬, ৩-৬, ৩-১) প্রতিপক্ষ চোটের কারণে ম্যাচ ছেড়ে দিলে ওয়াকওভারে শেষ চারে ওঠেন জকোভিচ।
