Site icon PrimeTime

২৫ হাজার যান চলাচলের গুরুত্বপূর্ণ সেতুতে সমস্যা, তবে মূল কাঠামো নিরাপদ বলছে প্রশাসন

4

বিহারের ভাগলপুরে গঙ্গার উপর নির্মিত গুরুত্বপূর্ণ সেতুতে ক্ষয়ের চিহ্ন সামনে আসতেই নড়েচড়ে বসল প্রশাসন। ২০০১ সালে চালু হওয়া ৪.৭ কিলোমিটার দীর্ঘ এই সেতু ভাগলপুরকে নৌগাছিয়ার সঙ্গে যুক্ত করেছে এবং প্রতিদিন ২৫ হাজারেরও বেশি যানবাহন চলাচল করে এই পথে।

সম্প্রতি সেতুর ১৭, ১৮ ও ১৯ নম্বর পিলারের ‘ফলস ওয়াল’ বা সুরক্ষা দেওয়ালে ক্ষতি ধরা পড়েছে। এর ফলে পিলারের ভিত্তি অংশে জলধারার ক্ষয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি সামনে আসতেই ভাগলপুরের জেলা শাসক ড. নওয়াল কিশোর চৌধুরী তদন্ত ও প্রযুক্তিগত মূল্যায়নের নির্দেশ দিয়েছেন।

এদিকে রাজ্যের মন্ত্রী দিলীপ জয়সওয়াল এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাকেত কুমার রোশন আশ্বস্ত করেছেন যে, সেতুর মূল কাঠামো এবং প্রায় ৬০ মিটার গভীর পিলারগুলি সম্পূর্ণ নিরাপদ রয়েছে। দ্রুত মেরামতির কাজ শুরু করা হবে বলেও জানিয়েছেন তাঁরা।

প্রশাসন সূত্রে খবর, সেতুতে যান চলাচল আপাতত স্বাভাবিকই থাকবে এবং মেরামতির কাজ চলাকালীন ট্র্যাফিক বন্ধ করা হবে না।

উল্লেখ্য, অতীতেও এই সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই প্রেক্ষিতে ভবিষ্যতের কথা মাথায় রেখে একটি নতুন সমান্তরাল সেতু নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

Exit mobile version